রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, তাঁর সঙ্গে থাকা একটি পাসপোর্ট থেকে জানা গেছে নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুর, জন্ম ১৯৯০ সালে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ভারী ধাতব বিয়ারিং প্যাডটি হঠাৎ খুলে নিচে পড়ে গেলে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও গত বছরের সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখনও বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ট্রেন চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের উড়ালপথে ব্যবহৃত প্রতিটি রাবার বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো পিলার ও গার্ডারের সংযোগস্থলে স্থাপন করা থাকে, যাতে কম্পন ও চাপ নিয়ন্ত্রণ করা যায়। এসব অংশে ত্রুটি দেখা দিলে কাঠামোগত ঝুঁকি তৈরি হয়, যা ট্রেন চলাচলের জন্য বিপজ্জনক।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
আর/