টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর আজ সিরিজ সমতায় ফেরানোর মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে, আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায়, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই কাল হয়েছিল টাইগারদের জন্য। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ সূচনা করলেও দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস, ফলে ১৬ রানে হার মেনে নিতে হয়।
ম্যাচ শেষে তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছিলেন, “এখন আর পিছু হটার সুযোগ নেই।” সেই বার্তাই যেন আজ পুরো দলের প্রেরণা। সিরিজে টিকে থাকতে মানসিক চাপ ঝেড়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে দলের ভেতর থেকেই।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই ব্যাটিং বিভাগকেই দায়িত্ব নিতে হবে। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে ওপেনারদের ভালো সূচনা এনে দেওয়া জরুরি। অধিনায়ক লিটন দাসও প্রথম ম্যাচের পর বলেছিলেন, শেখার জায়গা আছে অনেক—দ্বিতীয় ম্যাচে ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে আরও পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। তাই এই সিরিজ শুধু জয়-পরাজয়ের নয়, বিশ্বকাপ প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ২০ ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টিতে, আর দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
সিরিজে সমতা ফেরাতে আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে।
আর/