দক্ষিণ কোরিয়ার উপকূলীয় শহর বুসানে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী এই গুরুত্বপূর্ণ আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে সভাস্থল ত্যাগ করেন। এই সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে শি জিনপিংয়ের কানে কিছু কথা বলতে দেখা যায়। পরে ট্রাম্প শি’কে আগে সিঁড়ি দিয়ে নামতে সুযোগ দেন এবং নিজে তাঁর পেছনে নামেন। পরবর্তীতে উভয় নেতা নিজেদের গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্যে রওনা হন।
দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প এই সপ্তাহের শুরুতে মালয়েশিয়া সফরে যান। সেখান থেকে তিনি জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে এটিই ছিল ট্রাম্পের প্রথম সরাসরি সাক্ষাৎ।
আর/