ভারতের একটি উড়োজাহাজের নির্দিষ্ট স্থানে বিস্ফোরক রাখা হয়েছে এবং অবতরণ করা মাত্রই বিমানটি বিস্ফোরিত হবে—এমন বার্তা পাওয়ার পর ভারতীয় বেসরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ঘটনাটি গতকাল, শনিবার (১লা নভেম্বর ২০২৫) ঘটেছে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার- প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জেদ্দা থেকে ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে যাচ্ছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬৮। মাঝ আকাশে থাকাকালীনই ফ্লাইট কর্তৃপক্ষ একটি হুমকির বার্তা পায় যে, উড়োজাহাজটিতে বিস্ফোরক রাখা হয়েছে এবং অবতরণ করার সঙ্গে সঙ্গেই তা বিস্ফোরিত হবে।
এমন হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট নিরাপত্তা প্রটোকল মেনে বিমানটিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং উড়োজাহাজটি তল্লাশি করা হয়, তবে সেখানে কোনো বিপজ্জনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি।
ভারতীয় বেসরকারি ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ১ নভেম্বর জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই৬৮-এ একটি নিরাপত্তা হুমকির বার্তা আসে। বিমানটি তাৎক্ষণিকভাবে মুম্বাইয়ে ঘুরিয়ে আনা হয়। নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং নিরাপত্তা পরীক্ষার পর বিমানটির পরবর্তী উড়ানের অনুমতি দেওয়া হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিমানের যাত্রী দুর্ভোগ কমাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য খাবার, পানীয়র ব্যবস্থা করা হয়। পরিস্থিতির বিষয়ে নিয়মিত অবগত করা হয়। যাত্রীদের কথা মাথায় রেখে উড়োজাহাজের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’, জানানো হয়েছে বিবৃতিতে।
আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুসারে, নির্ধারিত শিডিউল অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ৯ টা ১৪ মিনিটে হায়দারাবাদে অবতরণ করার কথা ছিল ইন্ডিগোর ফ্লাইটটি। কিন্তু নিরাপত্তা পরীক্ষা শেষে সেটি হায়দারাবাদ বিমানবন্দরে অবতরণ করে। কে বা কারা হুমকি দিয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইন্ডিগো এয়ারলাইনস কর্তৃপক্ষ।
আর/