‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর মুকুটজয়ী শাম্মি ইসলাম নীলা অবশেষে বড় পর্দার পথে প্রথম পদক্ষেপ রাখলেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয় জগতে প্রবেশ করছেন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’–এর মাধ্যমে। এ কাজে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক আয়োজনের মধ্য দিয়ে ফিল্মটির ট্রেলার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পরিচালক, অভিনয়শিল্পীসহ প্রযোজনায় যুক্ত সব কলাকুশলীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
নিজের অনুভূতি জানাতে গিয়ে নীলা বলেন, “আজকের দিনটি আমার জীবনের এক নতুন অধ্যায়। অনেকেই জানতে চাইতেন, আমাকে কবে নায়িকা হিসেবে দেখা যাবে। আমি চাইছিলাম এমন একটি কাজ দিয়ে শুরু করতে, যা দর্শকের মনে দাগ কাটবে। বিশ্বাস করি, ‘ফার্স্ট লাভ’ সেই প্রত্যাশা পূরণ করবে।”
কেন এই ওয়েব ফিল্মকে প্রথম কাজ হিসেবে বেছে নিলেন—জানাতে নীলা আরও বলেন, “এর গল্প আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। দর্শকরাও নিজেদের জীবনের সঙ্গে এ গল্পের মিল খুঁজে পাবেন বলে মনে করি। আমি সবসময় এমন কিছু করতে চাই, যা মানুষের মনে দীর্ঘদিন থাকবে।”
হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত প্রায় ৯০ মিনিটের এই ওয়েব ফিল্মে রোমান্সের পাশাপাশি থাকবে পরিবার, বন্ধুত্ব ও ছাত্রজীবনের স্মৃতিময় মুহূর্ত। নির্মাতা হিসেবে অধিনায়কত্বে রয়েছেন রাখি নিজেই।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব বলেন, “রাখির সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ; আর ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটি চতুর্থ। নীলার প্রথম উপস্থিতি হওয়ায় শিরোনাম ‘ফার্স্ট লাভ’ দারুণ অর্থবহন করছে। আশা করি দর্শকরা গল্পটি উপভোগ করবেন।”
প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার প্রধান আনোয়ারুল আলম সজল জানান, “আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামা প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। দর্শকরা এতে সিনেমার মতোই চিত্তাকর্ষক অভিজ্ঞতা পাবেন।”
আর/