দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমুদ্র–ভিত্তিক জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য ডন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, দেশটির নৌবাহিনী স্থানীয়ভাবে উদ্ভাবিত অত্যাধুনিক নির্দেশিকা ও উন্নত কৌশলগত সুবিধাসম্পন্ন একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটিতে সংযোজিত হয়েছে সর্বাধুনিক ন্যাভিগেশন ব্যবস্থা ও উচ্চমানের ম্যানুভারিং প্রযুক্তি, যা লক্ষ্যভেদে আরও নির্ভুলতা এনে দেবে।
উৎক্ষেপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ বিভিন্ন খাতের জ্যেষ্ঠ প্রকৌশলী ও বিজ্ঞানীরা। আইএসপিআরের ভাষ্যে, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের প্রযুক্তিগত উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রতিফলন।
ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহৃত আধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন প্রযুক্তি শত্রুপক্ষের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অস্ত্র ব্যবস্থা নৌবাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, এর দুই মাস আগে পাকিস্তান নিজস্ব নকশা অনুযায়ী তৈরি ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ‘ফাতাহ–ফোর’-এর সফল পরীক্ষাও পরিচালনা করেছিল।
সূত্র: দ্য ডন
আর/