পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে—অমানবিকভাবে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। সন্তান হারিয়ে এখন অসুস্থ হয়ে পড়েছে মা কুকুরটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, আর নৃশংস এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের তারকারাও।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে প্রাণি সুরক্ষা নিয়ে কাজ করছেন। প্রাণিবিষয়ক সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)’ তাঁর প্রাণিপ্রীতির স্বীকৃতিস্বরূপ ‘প্রাণবিক বন্ধু’ উপাধি দেয়। ঈশ্বরদীর এই নির্মম ঘটনা জয়ার নজরে আসতেই তিনি বিচারের দাবি জানিয়ে নিজের সামাজিক মাধ্যমে লেখেন,
“নিষ্ঠুর, অমানবিক, মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষটি যে ৮টি কুকুরছানাকে হত্যা করেছে, তার সর্বোচ্চ শাস্তি চাই।” তার এই প্রতিবাদে বহু মানুষ সমর্থন জানিয়েছে এবং প্রাণী নির্যাতন সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগের দাবিও তুলেছে।
ঘটনাটি অভিনেতা তৌসিফ মাহবুবকেও গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি জানান, সংবাদটি দেখার পর থেকে মানসিকভাবে স্বাভাবিক হতে পারছেন না।
অভিনেতা নিলয় আলমগীর নিজের ফেসবুকে লিখেছেন, “ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। ভাবা যায়, পানির নিচে তারা কী অসহায় যন্ত্রণা সহ্য করছিল!” তিনি আরও জানান, মায়ের বুকের দুধ জমে গেলে সেটিও প্রাণঘাতী হতে পারে, ফলে মা কুকুরটিরও মৃত্যুঝুঁকি তৈরি হয়েছে। এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিলয়।
অভিনেত্রী সাবিলা নূর ‘প্রাণিকুল’ নামের একটি পোস্ট শেয়ার করে উল্লেখ করেন, “এটি অত্যন্ত ভয়াবহ এক নিষ্ঠুরতা। এর বিচার অবশ্যই হওয়া উচিত।”
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, “কীভাবে একজন নারী এমন নির্দয়ভাবে আটটি কুকুরশাবককে পানিতে ডুবিয়ে মারতে পারেন! ভবিষ্যতে কেউ যেন এমন কাজের সাহস না পায়—সেই জন্য সর্বোচ্চ শাস্তি প্রয়োজন।”
এদিকে, ঈশ্বরদী উপজেলা পরিষদের পুকুরে কুকুরছানাগুলোকে হত্যা করার অভিযোগে নিশি খাতুন নামে এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১টার দিকে তাকে ভাড়া বাড়ি থেকে আটক করা হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
আর/