বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার মাঝামাঝি আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত রামারপোল–নাজিরপুর সংযোগ সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তেজিত লোকজন হামলা চালিয়ে মঞ্চসহ বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয়।
শনিবার (৬ ডিসেম্বর) নাজিরপুর ইউনিয়নের কাচিরচর–সাহেবেরচর দাখিল মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়াল মাধ্যমে সেতুটি উদ্বোধন করার কথা ছিল।
কিন্তু আনুষ্ঠানিকতা শুরুর আগেই কয়েকজন এলাকাবাসী অনুষ্ঠানস্থলে ঢুকে প্যান্ডেল, টেবিল-চেয়ার এবং অন্যান্য সাজসজ্জার জিনিসপত্র ভাঙচুর করে।
ক্ষুব্ধ মানুষের অভিযোগ—এলজিইডির অধীনে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’র কাজ এখনও পুরোপুরি সম্পন্ন নয়। তবুও তাড়াহুড়ো করে সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখা এবং সেটি উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা আরও জানান, এই সেতু নির্মাণে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এমদাদুল হক মজনুর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও অনুষ্ঠান আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
স্থানীয় বাসিন্দা বেল্লাল বেপারী বলেন, “এলাকার কাউকে না জানিয়ে হঠাৎ নাম বদলে উদ্বোধনের চেষ্টা চলছে। আমরা বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি। তারপরও এমন তড়িঘড়ি উদ্যোগ সন্দেহজনক মনে হয়েছে।” তার বক্তব্য অনুযায়ী, পরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ও আসবাবপত্র ভেঙে ফেলেন।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ক্ষুব্ধ জনতার আক্রমণের কারণে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ বাতিল হয়ে যায়। তবে ঘটনায় কেউ আহত হয়নি।
আর/