নাটোরের বড়াইগ্রামে মেশিন নষ্টের অজুহাত দেখিয়ে তেল সরবরাহ বন্ধ রেখে গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাটোয়ারী ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থায়ীয় সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা বনপাড়া- হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এসময় ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, গত ৬ এপ্রিল থেকে মেশিন নষ্ট বলে পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি বন্ধ রাখে। কিন্তু রাতের আঁধারে তারা গোপনে মজুতকৃত তেল অন্যত্র বিক্রি করে দিয়েছে। পরে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, গত ৬ এপ্রিল পাম্পটির মেশিন নষ্ট হওয়ার সময় সেখানে ৩,৭০০ লিটার তেল মজুত ছিল। কিন্তু তারা সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও প্রশাসনকে না জানিয়ে গতরাতে গোপনে ২,৬০০ লিটার তেল বিক্রি করে দেয়। এই অপরাধে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এস/