নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডাঙা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই অনিয়মের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিকেলে সেই ঢালাই তুলে নতুন করে কাজ শুরু করতে বাধ্য হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদোনা-ডাঙা বাজার পর্যন্ত চারলেন সড়কের একটি অংশে ১২০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ করছে ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে এলাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সড়কের ওই অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু ঠিকাদারের লোকজন প্রায় হাঁটুসমান পানির মধ্যেই কংক্রিট মিশ্রিত বালি-সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যান।
ঘটনাটি দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। অনেকে মুঠোফোনে এই অনিয়মের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। খবর পেয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজের ত্রুটি দেখে ঢালাই তুলে পুনরায় কাজ করার নির্দেশ দেন।
নরসিংদী সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল বলেন, সড়কটি নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে ত্রুটিপূর্ণ ঢালাই তুলে ফেলেছে এবং নতুন করে সড়কটি নির্মাণ করে দেবে।
কাজে অনিয়মের কথা স্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন। তিনি বলেন, নির্মাণকাজের সময় হুট করে বৃষ্টি শুরু হওয়ায় কিছু ঢালাই পানির মধ্যে পড়ে যায়। পরে দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়। এখন ওই অংশটি তুলে পুনরায় ঢালাই দেওয়া হচ্ছে।
সড়ক নির্মাণে এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। তাদের দাবি, নজরদারির অভাবে সরকারি কাজে এমন নয়-ছয় করার সাহস পায় ঠিকাদারেরা।
এস/