বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় প্রশংসা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ বৃদ্ধির ধারাবাহিকতা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত “এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক পরিস্থিতি” সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-পরিচালক থমাস হেলব্লিং জানিয়েছেন, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম মূল্যায়নের অংশ হিসেবে এ মাসেই একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।
থমাস হেলব্লিং বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি আইএমএফ অনুমোদিত কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। কারণ এখনো বাংলাদেশ পেমেন্ট ভারসাম্যের চাপে রয়েছে। তাই রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশে এসে অর্থনৈতিক নীতিমালা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবে। সেইসঙ্গে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার নীতি আইএমএফের শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও মূল্যায়ন করা হবে।
আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ বৃদ্ধির এ প্রবণতা সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও আমদানি নিয়ন্ত্রণ নীতির সফলতার ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে।
আর/