কুমিল্লা নগরীর টাউনহল মাঠে বিএনপির দুই গ্রুপের ঘোষিত কর্মসূচি বাতিল করেছে জেলা প্রশাসন। সকাল থেকেই মাঠটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রেখে প্রধান প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে নির্ধারিত জনসভা কিংবা দোয়া মাহফিল—কোনোটিই মাঠে আয়োজন করতে পারেননি সংশ্লিষ্ট পক্ষগুলো।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপির দুই গ্রুপের ঘোষিত কর্মসূচি বাতিল করেছে জেলা প্রশাসন।
কুমিল্লা–৬ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউনহল মাঠে জনসভা করার ঘোষণা দেন।
অন্যদিকে একই দিন ও একই স্থানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল আয়োজনের উদ্যোগ নেন আরেক মনোনয়নপ্রত্যাশী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ (ইয়াছিন)–এর সমর্থকরা।
পাশাপাশি স্থানে দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে।
এ পরিস্থিতিতে গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উভয় পক্ষকে চিঠি দিয়ে জানান—টাউনহল মাঠ কাউকেই বরাদ্দ দেওয়া হবে না। জননিরাপত্তার কারণ দেখিয়ে বিকল্প স্থান বেছে নিতে নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় আমিন–উর–রশিদের গ্রুপের কর্মসূচি হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে সময় ও স্থান পরিবর্তন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম (রায়হান) বলেন, ‘আমরা অনুষ্ঠান করার সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সময় বদল করেছি। বিকেল তিনটায় কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে দলীয় কার্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
অপরদিকে মনিরুল হক চৌধুরীর সমর্থকেরা জানান, পূর্বঘোষিত সময়েই তাঁরা সমাবেশ করবেন। টাউনহলে অনুমতি না পেলে কাছের কান্দিরপাড়ের ‘পূবালী চত্বরে’ তাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আর/