কুমিল্লার মুরাদনগরে পাঁচ বছর বয়সী মাদ্রাসায় পড়ুয়া তিন কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মুরাদনগ উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে অভিযুক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। অভিযুক্ত সাদ্দাম হোসেন (৩০) রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মাদ্রাসা ছুটি শেষে ৩ জন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুর ওপর যৌন নির্যাতন চালায়। পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা।
শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ বলেন, ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। না হলে এ ধরনের ঘটনা সমাজে আরও বাড়বে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তিনজন কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।
আর/