২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে মেয়াদ বৃদ্ধির এ ঘোষণা দেয় সংস্থাটি।
এনবিআর জানায়, চলতি বছর এখন পর্যন্ত অনলাইনে প্রায় ১৮ লাখের বেশি ব্যক্তি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ই-রিটার্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রতি অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-রিটার্নে নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট গ্রহণযোগ্য কারণ উল্লেখ করে আবেদন করা যাবে। এ বিষয়ে একটি আলাদা আদেশও দিয়েছে এনবিআর।
চলতি বছরে ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে জমা দেওয়া রিটার্ন এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে বলে উল্লেখ করেছে এনবিআর।
আর/