ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জর্ডান, কুয়েত ও বাহরাইনের মর্যাদাপূর্ণ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের জন্য অসামান্য গৌরব বয়ে আনেন। এছাড়াও এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায়ও তিনি বিজয়ী হয়েছিলেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।
হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং সেখান থেকেই একাধিকবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের পতাকাকে বিশ্বের মঞ্চে উড়িয়েছিলেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। ২০১৭ সালে জর্ডানে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। এরপর কুয়েত ও বাহরাইনেও একই সাফল্য পুনরাবৃত্তি করেন এই প্রতিভাবান হাফেজ।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ বয়সেই তিনবার বিশ্বজয়ী হাফেজ ত্বকীর অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এই আলোকিত তরুণের মৃত্যুতে।
আর/