আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে টসে হার দিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ফলে শুরুতেই ব্যাট হাতে মাঠে নামছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
দিনের শুরুতে বৃষ্টির কারণে টস কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়। আকাশে মেঘের আনাগোনা থাকায় এবং উইকেটে আর্দ্রতা থাকায় বোলারদের সহায়তা পেতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই ভারত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তাদের লক্ষ্য হবে শুরুতে সতর্কভাবে ব্যাট করে মাঝ ও শেষ ওভারে রান তোলা। তিনি আশা প্রকাশ করেন, যদি তারা ২৩০ বা তার বেশি রান তুলতে পারেন, তবে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ হবে। জ্যোতি বলেন, “আমাদের বোলাররা সবসময় ভালো করছে। ভালো স্কোর তুলতে পারলে ম্যাচে চাপ তৈরি করতে পারব।”
ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত আজকের ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে, মূলত বেঞ্চ শক্তি যাচাইয়ের উদ্দেশ্যে। অন্যদিকে, টুর্নামেন্টের শেষ ম্যাচটি জয়ের মধ্য দিয়ে শেষ করতে মরিয়া বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার।
ভারত একাদশ: প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), দিপ্তী শর্মা, উমা চেত্রি, আমানজত কৌর, রাধা যাদব, শ্রী চরণী ও রেনুকা সিং।
আর/