ইন্টার মিয়ামির তিন আর্জেন্টাইন ফুটবলারকে ঘিরে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে জায়গা করে নিয়েছে। রোববার অনুষ্ঠিত সেমিফাইনালে প্রতিপক্ষ সিনসিনাতি এফসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবার কনফারেন্সের শিরোপা লড়াইতে উঠল লিওনেল মেসির দল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রেখে আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে তারা।
ম্যাচের প্রথম গোল আসে মাতেও সিলভেত্তির চতুর পাস থেকে, যা নিখুঁতভাবে জালে পাঠান মেসি। প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মিয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির তৈরি আরেক আক্রমণ রূপ নেয় সিলভেত্তির পায়ে দলের দ্বিতীয় গোল হিসেবে। এরপর লিওনেল মেসির দু’টি দৃষ্টিনন্দন পাস থেকে জোড়া গোল করেন তরুণ আর্জেন্টাইন তারকা তাদেও আলেন্দে। ম্যাচের শেষ দিকে মেসির সাজানো আরেকটি সুযোগ কাজে লাগাতে না পারায় ব্যবধান আরো বাড়েনি; এই সুবর্ণ সুযোগটি নষ্ট করেন রদ্রিগো ডি পল।
এ মৌসুমের লিগ পর্বে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বার মৌসুমসেরা খেলোয়াড় হওয়ার পথে এগিয়ে আছেন মেসি। প্লে–অফেও তার ধারাবাহিক অবদান অব্যাহত—এ পর্যন্ত ছয়টি গোল ও ছয়টি অ্যাসিস্ট সংগ্রহ করেছেন তিনি। ফাইনাল নিশ্চিত করা মিয়ামি শনিবার নিজেদের মাঠে মোকাবিলা করবে নিউ ইয়র্ক সিটি এফসিকে, যারা সেদিনই আরেক সেমিফাইনালে শীর্ষস্থানধারী ফিলাডেলফিয়া ইউনিয়নকে ১-০ ব্যবধানে হারিয়েছে।
এদিকে মেসির জাদুকরী পারফরম্যান্সের দিনে সৌদি প্রো লিগে নিজেকে আবারও আলোচনার কেন্দ্রে আনলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর বনাম আল খালিজ ম্যাচের শেষ মুহূর্তে ডান দিক থেকে আসা ক্রসে শরীর ঘুরিয়ে নেয়া চমৎকার এক বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করেন তিনি। গোলরক্ষক হাতে লাগিয়েও বল ঠেকাতে পারেননি। ক্যারিয়ারে ৯৫৪তম গোল স্পর্শ করলেন রোনালদো, যিনি হাজার গোলের স্বপ্নের আরও কাছে পৌঁছে গেলেন। চলতি লিগে তার গোল সংখ্যা এখন ১০, যা সতীর্থ জোয়াও ফেলিক্সের চেয়ে একটি কম।
ঘরের মাঠে আল খালিজকে ৪-১ ব্যবধানে হারিয়ে মৌসুমে টানা পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে আল নাসর। ম্যাচে রোনালদোর আগে গোল করেন ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে। ৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে লিগ সারণির শীর্ষে অবস্থান করছে আল নাসর; সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।
আর/