মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমের শেষ ম্যাচে আবারও আলো ছড়ালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকের পাশাপাশি করলেন এক অ্যাসিস্টও। তাঁর অনবদ্য পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৫-২ গোলের জয়ে বিদায় নিল নিয়মিত মৌসুম থেকে। এই ম্যাচেই মেসির মাথায় উঠল আরেকটি ব্যক্তিগত সম্মাননা—২০২৫ এমএলএস মৌসুমের গোল্ডেন বুট।
যুক্তরাষ্ট্রের লিগে যোগ দেওয়ার পর এই প্রথমবার সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি। ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি পিছনে ফেলেছেন এলএএফসির ফরোয়ার্ড ডেনিস বুয়াঙ্গাকে, যিনি করেছেন ২৪ গোল। নতুন লিগে, নতুন পরিবেশে খেলেও মেসি যেন প্রমাণ করলেন—বয়স তাঁর খেলায় কোনো প্রভাব ফেলতে পারে না, শ্রেষ্ঠত্ব এখনো তাঁরই দখলে।
গত মৌসুমের শেষ ম্যাচেও (২০২৪ সালে) নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এবারের মৌসুমের শেষ দিনেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন তিনি। ম্যাচের ৩৫তম মিনিটে জর্দি আলবার পাস থেকে ন্যাশভিলের ডিফেন্স ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে ম্যাচের খাতা খুললেন এই তারকা।
এর কিছুক্ষণ পরই (৪৩তম মিনিটে) ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকবল শাফেলবার্গের গোলে এগিয়েও যায় ন্যাশভিল। বিরতির পর নতুন উদ্যমে মাঠে ফিরে ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি, সমতা ফেরান ম্যাচে।
এর চার মিনিট পর (৬৭তম মিনিটে) ইন্টার মায়ামির হয়ে গোল করে দলকে এগিয়ে দেন বাল্টাসার রদ্রিগেজ। এরপর আসে জাদুর মুহূর্ত—৮১তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। এই গোলেই সম্পন্ন হয় তাঁর এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।
মৌসুমের শেষ ম্যাচে এমন উজ্জ্বল পারফরম্যান্সে দল যেমন জয় পেয়েছে, তেমনি মেসিও ছুঁয়ে ফেলেছেন ব্যক্তিগত সাফল্যের নতুন মাইলফলক—গোল্ডেন বুট ২০২৫।
আর/